নওগাঁ প্রতিনিধি
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে পর্যাপ্ত খাদ্য রয়েছে। দেশে কোনো খাদ্যঘাটতি নেই। ভোক্তা-কৃষক সমন্বয় করে আমদানি নীতি করা হয়েছে। কোনো চাল বা মিল ব্যবসায়ী নিজেদের স্বার্থে অতিরিক্ত মুনাফা লুটে চালের দাম বৃদ্ধি করলে কোনো রকম ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রবিবার দুপুরে সাপাহার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলে সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ার আব্দুর রশীদ, নার্গিস সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী প্রমুখ।
