ধোনির ১০০

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:২২

স্পোর্টস ডেস্ক

৪৩৭ দিন পর তিনি ফিরলেন ক্রিকেটে। বিশ্বকাপের সেমিফাইনালের পর এবারই প্রথম মাঠে নামলেন। আর ফিরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচে পেলেন অনবদ্য এক জয়। আর অধিনায়ক হিসেবে আইপিএলে এটা মহেন্দ্র সিং ধোনির শততম জয়। আবুধাবিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচ উইকেটে হারালো চেন্নাই সুপার কিংস। দর্শকশূন্য শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ব্যাটিং করে ৯ উইকেটে ১৬২ রান তুলেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। রান তাড়া করতে নেমে চার বল বাকি থাকতেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় সুপার কিংস। ৪৮ রানের ম্যাচ জেতানো ৭১ রান করে ম্যাচের সেরা হন আম্বাতি রাইডু। অধিনায়ক হিসেবে ১৩ তম আইপিএলের প্রথম ম্যাচেই চমক উপহার দিলেন ধোনি। ম্যাচের খুব গুরুত্বপূর্ণ সময়ে প্রমোশন দিয়ে ব্যাটিংয়ে পাঠান স্যাম কারানকে। ক্যামিও ইনিংসে আস্থার প্রতিদান দেওয়া ইংলিশ অলরাউন্ডার নিজেও অবাক ধোনির আগে ব্যাটিংয়ে নামায়।

ম্যাচ শেষে কারান বলেন, ‘সত্যি কথা বলতে, আমি খুবই অবাক হয়েছি যে, ব্যাটিংয়ে নামছি। ধোনি জিনিয়াস এবং অবশ্যই তার আগে আমাকে ব্যাটিংয়ে পাঠানো নিয়ে কিছু ভেবেছিলেন তিনি। আমরা ঐ ওভারটি (১৮ তম) মারার জন্য ঠিক করেছিলাম। হয় ছক্কা, না হয় আউট, এই মানসিকতা নিয়ে আমি নেমেছিলাম মাঝে মধ্যে এটা কাজে দেয়, আবার অনেক সময় দেয় না।’

জয় দিয়ে প্রথম ম্যাচে জয়ের হ্যাটট্রিক করল চেন্নাই সুপার কিংস। ২০১৮ ও ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পর ২০২০ আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে নজির গড়ে ধোনি।