করোনা পরিস্থিতি
ইত্তেফাক রিপোর্ট
করোনা পরিস্থিতিতে শিল্প বাণিজ্যে সার্বিক উত্পাদনশীলতায় ব্যাপক ছন্দপতন হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জাপানের ‘ব্রেক থ্রো থিংকিং’ ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে শিল্প বাণিজ্যের উত্পাদনশীলতা বাড়াতে এ পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। গত শুক্রবার রাজধানীর ঢাকা স্কুল অব ইকোনমিক্স আয়োজিত এক জাতীয় সম্মেলনে তারা এসব কথা বলেন। জাপানে কোনো মহামারি কিংবা দুর্যোগ পরিস্থিতি থেকে উত্তরণে ব্রেক থ্রো থিংকিং পদ্ধতি প্রয়োগ করা হয়। এটি গতানুগতিক পদ্ধতি থেকে ভিন্ন। গতানুগতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বাইরে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার স্বার্থে এ পদ্ধতি ব্যবহার করা হয়। যেখানে বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী চিন্তাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে কাজ করে থাকেন। সম্মেলনের উদ্বোধন করেন পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ও ঢাকা স্কুল অব ইকোনমিক্সের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়কারী অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে এতে স্থানীয় আন্তর্জাতিক অঙ্গনের শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা অংশ নেন। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপান প্ল্যানোলজি সোসাইটির সুহেই আনান।
