যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের প্রবীণতম বিচারপতি রুথ বডার গিন্সবার্গের মৃত্যুর কারণে তার জায়গায় আরেক নারীকেই নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে রক্ষণশীল কাউকেই আজীবন মেয়াদি ঐ আসনে বসিয়ে তিনি সুপ্রিম কোর্টে নিজপক্ষের সমর্থন বাড়াবেন বলে ধারণা করা হচ্ছে। তবে আগামী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, যেহেতু নির্বাচন আসন্ন, সেহেতু নতুন যিনি প্রেসিডেন্ট হবেন তিনিই ঠিক করবেন গিন্সবার্গের স্থলাভিষিক্ত কে হবেন।
শনিবার নর্থ ক্যারোলাইনার ফয়েটেভিলে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে ট্রাম্প বলেন, আমি আগামী সপ্তাহে মনোনীত (বিচারপতি) প্রার্থী পেশ করব। তিনি হবেন একজন নারী। আমার মনে হয় এটা নারীই হওয়া উচিত। কারণ প্রকৃতপক্ষে আমি পুরুষের চেয়ে নারীদেরই বেশি পছন্দ করি।
এর আগে মার্কিন সুপ্রিম কোর্টে নিয়োগ দেওয়ার মতো সম্ভাব্য দুই নারীর ভূয়সী প্রশংসা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। রক্ষণশীল এ দুই বিচারককে সম্প্রতি ফেডারেল আপিল কোর্টে নিয়োগ দিয়েছেন তিনি। তবে নিয়োগের ক্ষেত্রে তৃতীয় বিচারপতিকেও বেছে নেওয়ার সুযোগ রয়েছে ট্রাম্পের সামনে। সেক্ষেত্রে শিকাগোভিত্তিক ৭ম সার্কিটের কোনি বেরেট ও আটলান্টাভিত্তিক ১১তম সার্কিটের বারবারা লাগোয়ার নাম রয়েছে আলোচনায়। দীর্ঘদিন ক্যানসারে ভুগে গত শুক্রবার ওয়াশিংটন ডিসির নিজ বাড়িতে ৮৭ বছর বয়সে শেষ নিঃশাস ত্যাগ করেন প্রবীণ বিচারপতি এবং দেশটিতে নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃত্ রুথ বডার গিন্সবার্গ।
