বার কাউন্সিল তালিকাভুক্তির লিখিত পরীক্ষা স্থগিত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২২:৪০

আগামী ২৬ সেপ্টেম্বর আইনজীবী তালিকাভুক্তির (অ্যানরোলমেন্ট) লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। গতকাল রবিবার রাতে এ সংক্রান্ত নোটিশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের তত্ত্বাবধানে বার কাউন্সিলের আগামী ২৬ সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য অ্যানরোলমেন্ট লিখিত পরীক্ষা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাময়িক অপারগতার কারণে আপাতত স্থগিত করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিগত ১৩ সেপ্টেম্বর তারিখের প্রেরিতপত্রে উল্লেখ করেছে যে, বর্তমান মহামারি করোনাকালীন পরিস্থিতির কারণে এবং বিভিন্ন কেন্দ্র শেষ মুহূর্তে পরীক্ষা গ্রহণে অসম্মতি প্রকাশ করায় উল্লিখিত পরীক্ষাটি গ্রহণ করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে স্বল্প সময়ের নোটিশে পরীক্ষাটি গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।

২৭ জুলাই বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার শিক্ষার্থীর লিখিত পরীক্ষা নেওয়ার জন্য আগামী ২৬ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়।