বাড়িতে অস্ত্র রেখে এক ব্যক্তিকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেল

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২২:৪১

রাজশাহীতে এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে বিদেশি কাটা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে উদ্ধার করা অস্ত্রটি ঐ বাড়ির মালিককে ফাঁসাতে সেখানে রাখা হয়েছিল। এই পরিকল্পনার সঙ্গে তিন জন জড়িত। তাদের মধ্যে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে তিন জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো নগরীর বোয়ালিয়া থানার রাণীবাজার অলোকার মোড়ের প্রতাপ সরকার (৪২) ও সাহেববাজার মাস্টারপাড়ার শহিদুল হাসান রনি (৩৫)। তাদের মধ্যে প্রতাপ ঐ বাড়িতে অস্ত্র থাকার বিষয়টি পুলিশকে জানিয়েছিল। এ ঘটনায় জড়িত বোয়ালিয়া পাড়ার মৃত হায়দার আলীর ছেলে মাসুম (৪০) পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

রবিবার মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ১০টার দিকে বোয়ালিয়া পাড়ার গোলাম আজম হোসেন বাবুর বাড়ির ছাদের কার্নিসের ওপর থেকে বাজারের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি কাটা বন্দুক উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ। গোলাম রুহুল কুদ্দুস জানান, ঐ বাড়িতে অস্ত্র ক্রয়-বিক্রয় হবে বলে পুলিশকে খবর দেয় প্রতাপ সরকার। তার দেওয়া তথ্যে অস্ত্র উদ্ধার করা গেলেও ঐ বাড়ির ছাদে বা আশপাশে অস্ত্র ব্যবসায়ী অথবা ক্রেতার উপস্থিতির কোনো প্রমাণ মেলেনি।