বিএনপি নেতাদের বক্তব্যে মনে হয় বেগম জিয়া জেলে থাকলেই ভালো হতো —তথ্যমন্ত্রী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:১৫

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি নেতাদের বক্তব্যে মনে হয় বেগম জিয়া কারাগারে থাকলেই ভালো হতো। বেলজিয়াম সফর থেকে ফিরে গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরো বলেন, বেগম জিয়ার প্রতি প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন তার পরিপ্রেক্ষিতে বিএনপি নেতাদের কথাবার্তায় মনে হয়, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বেগম জিয়া কারাগারে থাকলেই ভালো হতো। বেগম খালেদা জিয়াকে গৃহে অন্তরীণ রাখা হয়েছে মর্মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি  এ কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে হাস্যকর অভিহিত করে ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী সিআরপিসিতে (দণ্ডবিধি) উল্লিখিত তার ক্ষমতাবলে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে প্রথমে ছয় মাস মুক্তি দিয়েছেন, পরে আরো ছয় মাস সেটি বর্ধিত করেন। মির্জা ফখরুলের উচিত ছিল এই মহানুভবতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো, কৃতজ্ঞতা জানানো। কারণ তিনি সাজাপ্রাপ্ত আসামি এবং আদালত থেকে জামিন পাননি। কিন্তু তার পরিবর্তে তারা যেভাবে কথাবার্তা বলছেন, এতে মনে হচ্ছে প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন, এটি না দেখালেই ভালো হতো।

সদ্যপ্রয়াত আল্লামা শফীর মৃত্যু এবং হাটহাজারী মাদ্রাসায় বিশৃঙ্খলা বিষয়ে তথ্যমন্ত্রী মাওলানা শফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, মাওলানা আহমদ শফীর জন্ম আমার নির্বাচনি এলাকায় এবং আমার পার্শ্ববর্তী ইউনিয়নে। তিনি আলেম এবং ঐ অঞ্চলের মানুষের মধ্যে কী পরিমাণ জনপ্রিয় ও সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন, সেটি তার জানাজা থেকে বোঝা যায়। হাটহাজারী মাদ্রাসার বিশৃঙ্খলার বিষয়টি অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু সেটি যে মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালকের ওপর মানসিক চাপ তৈরি করবে, সেটিই স্বাভাবিক। হেফাজতে ইসলামের ভবিষ্যত্ নেতৃত্ব প্রশ্নে মন্ত্রী বলেন, এটি হেফাজতের বিষয়, এ নিয়ে কথা বলতে চাই না। সিনেমা হল খোলার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সিনেমা হলের মালিক, পরিচালক, প্রযোজকদের পক্ষ থেকে দাবি আছে। খুব সহসাই তাদের সঙ্গে বসে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।