বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ গতকাল রবিবার অনুষ্ঠিত হয়নি। মামলার বাদী নিহত আবরারের পিতা মো. বরকতউল্লাহ অসুস্থ থাকায় সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করা হয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ অক্টোবর সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন। বিচারক বলেন, ঐদিন থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা সাক্ষ্যগ্রহণ চলবে। আবরারের বাবা অসুস্থ থাকলেও তিনি ট্রাইব্যুনালে হাজির হন। তিনি সময়ের আবেদন দিতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্যানেল তা প্রস্তুত করে আদালতে দাখিল করেন বলে জানান পিপি আবু আব্দুল্লাহ ভুইয়া।
বরকতউল্লাহ সাংবাদিকদের বলেন, হয়তো জবানবন্দি দিতে পারতাম। কিন্তু কষ্ট হতো। আমি শারীরিকভাবে অসুস্থ হওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বলেছি যে আমি সাক্ষ্য দিতে এ মুহূর্তে প্রস্তুত নই।
গত ১৫ সেপ্টেম্বর আবরার হত্যা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। একই সঙ্গে ২০ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়। গত বছরের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হয় বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িত্ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ২৫ নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট দেয় ডিবি পুলিশ।
