বঙ্গোপসাগরের গভীরে বিশেষ অভিযান পরিচালনা করে ৫ লাখ পিস ইয়াবাসহ সাত ইয়াবা পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃতরা হলেন—মহররম আলী (৪৪), আব্দুস শুকুর (২৬), আমানুল্লাহ (২৮), নুরুল আলম (৩৮), আব্দুল মোন্নাফ (৩৫), জাহিদ হোসেন (৩৩) ও পেডান (২২)। তারা সবাই টেকনাফের বাসিন্দা।
গতকাল রবিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার মধ্যরাতে টেকনাফ থেকে ২৫-৩০ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ সাত জনকে আটক করা হয়। তিনি আরো বলেন, জব্দকৃত ইয়াবা, ইয়াবা পরিবহনে ব্যবহূত নৌকা ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
