রামগতিতে অস্ত্রসহ দুই তরুণ গ্রেফতার

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৬:২০

লক্ষ্মীপুরের রামগতিতে অস্ত্রসহ দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজনের নাম জুয়েল রানা (২২) ও মো. জুয়েল (১৪)। তারা দুজন যথাক্রমে নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলার চরবাটা এলাকার কৃষ্ণ চন্দ্র দাশের ছেলে এবং একই উপজেলার চর বাগ্গা এলাকার মাকসুদ হাওলাদারের ছেলে।

বৃস্পতিবার গভীর রাতে উপজেলার চর গাজী ইউনিয়নের আলী আকবর হাজিরহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটক দুই তরুণের কাছ থেকে একটি একনলা দেশীয় তৈরি বন্দুক, ৯টি তাজা কার্তুজ, তিনটি লোহার তৈরি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই আবুল খায়ের বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে রামগতি থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায় জাতীয় সংসদ নির্বাচনে অবৈধভাবে ব্যবহারের জন্য আগ্নেয়াস্ত্রগুলি ভাড়া করা হয়েছিল বলে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। উপজেলার চরগাজী ইউনিয়নের রুহুল আমিন মেম্বারের বাড়ির নুরুল ইসলামের ছেলে সুজন নির্বাচনে সন্ত্রাসী কার্যক্রমের জন্য আগ্নেয়াস্ত্রগুলি ভাড়া করে।

মামলার বাদী এসআই আবুল খায়ের জানান, ‘বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে আলী আকবর হাজিরহাট এলাকায় পৌঁুঁলে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারকৃতরা একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। পরে প্লাস্টিকের বস্তায় থাকা আগ্নেয়াস্ত্রগুলি জব্ধ করা হয় এবং জুয়েল রানা ও মো. জুয়েলকে আটক করা হয়।’

আরও পড়ুনঃ বাজিতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক জানান, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে রামগতি থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু