মাত্র ৫দিন আগে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন স্ত্রী সোহানা বেগম (১৯)। স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে বৃহস্পতিবার দিবাগত (স্ত্রীর মৃত্যুর ৫দিন পর) গভীর রাতে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করলো স্বামী সাগর শেখ (২৬)। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর গোপীনাথপুর গ্রামে।
সাগর শেখের লাশ শুক্রবার দুপুরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছেন গরকান্দা থানা পুলিশ।
স্থানীয়রা জানান, নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর গোপীনাথপুর গ্রামের খোকন শেখের ছেলে সাগর শেখ তার চাচা সোবহান শেখের মেয়ে সোহানা বেগমকে এক বছর আগে বিয়ে করেন। প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়। তবে তাদের এ বিয়ে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি সাগর শেখের মা জামেলা বেগম। বিয়ের পর থেকেই সোহানাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। নির্যাতনের মাত্রা দিনদিন বৃদ্ধি পেতে থাকলে সহ্য করতে না পেরে গত ৬ জানুয়ারি রবিবার দিবাগত গভীর রাতে বসতঘরের আড়ার সঙ্গে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সোহানা বেগম। সোহানার মৃত্যুর পর সাগর শেখ মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এতে ক্ষিপ্ত হয়ে সাগর শেখকে মানসিকভাবে নির্যাতন শুরু করে মা জামেলা বেগম। একদিকে স্ত্রীকে হারানোর শোক ও অন্যদিকে মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত স্ত্রীর মতো আত্মহত্যার পথ বেছে নেয় সাগর শেখ।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বসতঘরের আড়ার সঙ্গে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সাগর শেখ। সে পেশায় মাটি টানা ট্রলি গাড়ির চালক বলে জানা গেছে।
নগরকান্দা থানার এসআই শফিকুল আজম লিটন জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীর শোক সইতে না পেরেই আত্মহত্যা করেছে সাগর শেখ।’
আরও পড়ুনঃ শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে: নওফেল
নগরকান্দা থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘সাগর শেখের মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।’
ইত্তেফাক/নূহু
