টেস্টের জন্যও তৈরি মুস্তাফিজ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২১:০৯

দেবব্রত মুখোপাধ্যায়

পড়ন্ত বিকালে একটু চড়া রোদ উঠেছিল।

মুমিনুল হককে বেশ ক্লান্ত মনে হচ্ছিল। আল আমিন হোসেন লম্বা জায়গা দৌড়ে এসে ইয়র্কার করলেন। বলটা ঠেকাতে পারলেন না মুমিনুল। মুস্তাফিজুর রহমান বোলিং প্রান্তে দাঁড়িয়ে পেশাদার আম্পায়ারের মতো করে আঙুল তুলে দিলেন। সতীর্থ আল আমিনের প্রাপ্তিতেই তাকে আনন্দিত মনে হলো।

টেস্টে আল আমিন বা মুস্তাফিজ কেউই নিশ্চিত নন। তার পরও শ্রীলঙ্কা সফর সামনে রেখে জোরদার প্রস্তুতিতে বাকিদের সঙ্গে ব্যস্ত তারা। আল আমিনের কথা কাল জানা গেল না। তবে মুস্তাফিজ বললেন, তিনি সীমিত ওভারের মতো টেস্টের জন্যও নিজেকে প্রস্তুত করছেন।

দলীয় অনুশীলন শুরু হয়েছে, দুই দিন হলো। এর আগে আরো অনেকের মতো একক অনুশীলন করেছেন মুস্তাফিজ। বলছিলেন, সবমিলিয়ে নিজেকে প্রস্তুত বলেই মনে করছেন, ‘আমি ঢাকা আসছি প্রায় এক মাস পাঁচ দিন হলো। প্রথমে শর্ট রান আপে, দুই তিন স্টেপে বোলিং করেছি; বাড়িতেও করেছি। এখানে আসার পর আবার প্রথম থেকে শুরু করলাম। শুরুতে রানিং, জিম এসব ছিল পরে এক জন ব্যাটসম্যান ব্যাটিং করবে দুই জন বোলার বল করবে—এভাবে শুরু হয়। এখন ওভার অল সবকিছু ভালোই যাচ্ছে।’

মুস্তাফিজের এর আগে একটা বড় সমস্যা হচ্ছিল, বল ভেতরে ঢোকানো নিয়ে। আর টেস্টে তার খেলার পথে এটাই বাধা বলে বলেছিলেন কোচ। এই বোলার বলছিলেন, ব্যাপারটা আয়ত্ব করে ফেলেছেন তিনি, ‘করোনার আগে গিবসন আমাকে কিছু গ্রিপ দেখিয়ে দিয়েছিল যে, কী করলে বল ভেতরে ঢুকবে। ওটা নিয়ে কাজ করছিলাম, এখনো ভালো যাচ্ছে। আরো কাজ করতে হবে, ভালোভাবে কাজ করতে পারলে ভেতরে ঢোকানোটা তাড়াতাড়ি আয়ত্ব করতে পারব।’ একক অনুশীলনে যতই উন্নতি হোক, মুস্তাফিজ বলছিলেন, সবচেয়ে উন্নতিটা হয় এই দলীয় অনুশীলনে, ‘বাড়িতে অনুশীলনের ব্যাপারটা অন্যরকম। বাইরে যতই করেন না কেন (একক অনুশীলন) দলীয়ভাবে অনুশীলন করাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। বাড়িতে আমরা সবাই কম-বেশি কাজ করেছি। এখানে শুরুতে কষ্ট হচ্ছিল একটু তবে এখন খুব ভালো যাচ্ছে।’   

সব মিলিয়ে মুস্তাফিজ এখন তিন ফরম্যাটে খেলার জন্যই প্রস্তুত বলে দাবি করছিলেন, ‘আমি তো চাই সব ফরম্যাটে খেলতে। এখন চেষ্টা করতেছি  ফিটনেস বলেন, বোলিং স্কিল বলেন, কোন কাজগুলো করলে আমি সব ফরম্যাটে নিয়মিত হতে পারি সেগুলো করার।’