পরীক্ষার অপেক্ষা আইসোলেশনে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২১:১২

একাডেমি ভবনে আইসোলেশনে আছেন সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, নাজমুল হাসান শান্ত, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

 স্পোর্টস রিপোর্টার

পাশেই মূল স্টেডিয়ামের স্টোর উইকেটে অনুশীলন চলছে। সেখানেই খেলোয়াড়দের নিয়ে ব্যস্ত কোচরা। কিন্তু এর মধ্যেই চোখে পড়ল অ্যাকাডেমি মাঠের উইকেটে অনুশীলন করছেন সাইফ হাসানসহ কয়েক জন ক্রিকেটার।

এরা আলাদা কেন? কারণ তারা আইসোলেশনে আছেন।

শ্রীলঙ্কা সফর হচ্ছে ধরে নিয়ে ২৭ সদস্যের জাতীয় দল ঘোষণা করা হয়েছে। কিন্তু সমস্যা হয়েছে এর মধ্যে এক জন ক্রিকেটারের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও তার কিছু লক্ষণ আছে। আর সে জন্য এই ক্রিকেটারের সঙ্গে মিশেছেন, এমন আরো ৯ জনকে রাখা হয়েছে আইসোলেশনে। এই ১০ জনের সঙ্গে অ্যাকাডেমি ভবনে আইসোলেশনে আছেন আগে থেকে পজিটিভ থাকা সাইফ হাসানও। সবমিলিয়ে এই ১১ ক্রিকেটার এখন অপেক্ষা করছেন নেগেটিভ সনদ নিয়ে মূল দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য।

আইসোলেশনে থাকা ক্রিকেটাররা কেউ বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে চাইলেন না। তবে ফোনে এক ক্রিকেটার হাসতে হাসতে বললেন, ‘আটকে গেলাম আর কী। এখন নেগেটিভ আসার অপেক্ষায় আছি।’

অবশ্য সময়টা খুব খারাপ কাটছে না। আগের দিন প্রথম দিনে এই ক্রিকেটাররা সেভাবে অনুশীলন করেননি। তবে গতকাল তাদের ছাড় দেওয়া হয়েছিল। যারা চেয়েছেন, নিজেদের মতো করে অ্যাকাডেমি মাঠে অনুশীলন করতে পেরেছেন। আপাতত এটাকেই বড় পাওয়া বলে মানছেন ঐ ক্রিকেটার। তিনি বলছিলেন, ‘সময়টা তো ভালো না। এ তো সংক্রামক একটা রোগ। ফলে সবাই একটু বাড়তি সতর্ক। হয়তো কারোরই সংক্রমণ হয়নি। তারপরও টেস্ট করা লাগবে। ভালো হয়েছে যে, আজ আমরা কিছু প্র্যাকটিস করতে পেরেছি। তিন-চার দিন একেবারে বসে থাকলে ক্ষতি হতো।’

অ্যাকাডেমি ভবনে আইসোলেশনে আছেন সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, নাজমুল হাসান শান্ত, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন।