স্পোর্টস রিপোর্টার
করোনার কারণেই এএফসি কাপের গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের শেষ ম্যাচগুলো হোম অ্যান্ড অ্যাওয়ের পরিবর্ততে এক ভেন্যু মালদ্বীপে হওয়ার কথা ছিল। কিন্তু সেটিও শেষ পর্যন্ত হয়নি অন্যান্য দেশে অন্যান্য গ্রুপের খেলা হবে না আশঙ্কায়। অথচ লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মালদ্বীপে যাওয়ার জন্য সব প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত সফর বাতিল করতে বাধ্য হয়। দুর্ভাগ্য হচ্ছে বসুন্ধরার ব্রাজিল এবং আর্জেন্টাইন ফুটবলাররা সকালে ঢাকায় পৌঁছে সন্ধ্যায় জানতে পারেন এএফসির নির্দেশে খেলা বাতিল হয়েছে। মালদ্বীপে যাওয়া হবে না।
বসুন্ধরা কিংস আগেই প্রস্তুতি নিয়েছিল যদি কোনো কারণে মালদ্বীপে খেলা না হয় তাহলেও তারা প্রস্তুতি থামাবে না। সামনে নতুন মৌসুম রয়েছে। সেই প্রস্তুতি নেবে। বসুন্ধরা এখন ভাবছে তারা মালদ্বীপে যাবে। সেখানে প্রাক মৌসুম প্রস্তুতি নেবে। জানা গেছে, মালদ্বীপের টিসি স্পোর্টস এবং মাজিয়া স্পোর্টস রিক্রিয়েশনের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে পারে অক্টোবরেই।
