স্পোর্টস ডেস্ক
প্রযুক্তিগত দিক থেকে আরো এক ধাপ এগিয়ে গেল নারীদের ক্রিকেট। মেয়েদের ক্রিকেটে এতদিন ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) ব্যবহার ছিল কেবল আইসিসির আসরগুলোতে। তবে, এবার এর পরিধি বাড়ছে। প্রথমবারের মতো এবার দ্বিপাক্ষিক সিরিজেও দেখা যাবে এই প্রযুক্তি।
ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজে থাকবে রিভিউ নেওয়ার সুযোগ। গতকাল সোমবার শুরু হয়েছে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। ম্যাচে উভয় দলের জন্যই থাকবে প্রতি ইনিংসে দুটি করে রিভিউ। চলমান করোনা ভাইরাসের প্রকোপে সব ম্যাচ হচ্ছে দর্শকশূন্য মাঠে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বলছে, আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে অংশ নেওয়া পুরুষ বা নারী দুই দলের বোর্ডের বিবেচনার ভিত্তিতে রাখা হয় ডিআরএস। তবে, এর আগে কখনোই মেয়েদের খেলার ক্ষেত্রে কোনো দেশের বোর্ডই এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহ দেখায়নি। জানিয়ে রাখা ভালো, ২০১৮ ও ২০২০ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিআরএস পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। ২০১৭ ওয়ানডে বিশ্বকাপের সম্প্রচার করা ১০ ম্যাচেও ছিল এই প্রযুক্তি। এবার দ্বিপাক্ষিক সিরিজেও ব্যবহার হতে যাচ্ছে এটি।
