হ্যাম্পশায়ারের হয়ে জ্বলে উঠলেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহীন আফ্রিদি। মিডলসেক্সের বিপক্ষে টানা চার বলে নিলেন উইকেট, গড়লেন রেকর্ড। আর এর মধ্যেই চারটিই বোল্ড। ভাইটালিটি ব্লাস্ট টুর্নামেন্ট তো বটেই, ইংল্যান্ডের মাটিতে এটাই প্রথম ডাবল হ্যাটট্রিক। টি-টোয়েন্টিতে মাত্র ষষ্ঠ বোলার হিসেবে টানা চার বলে চার উইকেট পেলেন আফ্রিদি। সাউথ গ্রুপের ম্যাচে রবিবার রাতে জয়ের জন্য শেষ ৩ ওভারে ২৩ রান প্রয়োজন ছিল মিডলসেক্সের, হাতে ছিল ৪ উইকেট। ১৮তম ওভারের শেষ চার ব্যাটসম্যানকে বোল্ড করে ম্যাচই শেষ করে দেন আফ্রিদি। ৯ উইকেটে ১৪১ রান করা হ্যাম্পশায়ার জেতে ২০ রানে। ১৯ রানে ৬ উইকেট নিয়ে ১২১ রানে মিডলসেক্সকে থামিয়ে দেওয়া আফ্রিদি জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
