ভ্যাট ফাঁকি :২০০ কোটি টাকার বিক্রি গোপন করেছে ফুড ভিলেজ হোটেল!

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২১:২৮

ইত্তেফাক রিপোর্ট

দেশের উত্তরবঙ্গগামী মহাসড়কের পাশে (সিরাজগঞ্জে) প্রসিদ্ধ হোটেল ফুড ভিলেজ। এ পথে এস আর গ্রুপের মালিকানাধীন ফুড ভিলেজ ও ফুড ভিলেজ প্লাস নামে দুটি রেস্টুরেন্ট রয়েছে। যাত্রীদের বেশির ভাগই এ হোটেলে চলতি পথে আহার সারেন। হোটেল দুটির বিক্রি সম্পর্কে প্রকৃত তথ্য এতদিন জানা ছিল না। তবে ভ্যাট গোয়েন্দা বিভাগ অনুসন্ধানে জেনেছে গত তিন বছরে দুটি হোটেলে বিক্রি দেখিয়েছে ২৩ কোটি টাকা। আর গোপন করেছে ১৯৯ কোটি টাকার বিক্রির তথ্য! তিন বছরে দুটি হোটেলে বিক্রির এমন তথ্য অবাক করার মতো। গোয়েন্দা বিভাগের দাবি, এর মাধ্যমে দুটি হোটেলের মাধ্যমে প্রায় সাড়ে ২৬ কোটি টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ভ্যাট গোয়েন্দা বিভাগ রাজধানীর নিকুঞ্জ এলাকায় এস আর গ্রুপের হেড অফিসে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক হিসাবপত্র জব্দ করে এ তথ্য উদ্ঘাটন করেছে। সিরাজগঞ্জ ভ্যাট অফিস থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, প্রতিষ্ঠানটি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত সাড়ে তিন বছরে হোটেল দুটি বিক্রি দেখিয়েছে প্রায় ৪৭ কোটি টাকা। এর বিপরীতে ভ্যাট দিয়েছে ৫ কোটি ৩ লাখ টাকা। কিন্তু জব্দকৃত কাগজে দেখা যায়, আরো প্রায় ১৯৯ কোটি টাকার বিক্রি গোপন করেছে।