২ শতাংশ শেয়ার ধারণ
ইত্তেফাক রিপোর্ট
২ শতাংশের কম শেয়ার ধারণ করায় ৯ কোম্পানির ১৭ পরিচালকের পদ শূন্য ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শূন্য ঘোষণা করা ১৭ পরিচালকের পদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কোম্পানিকে পূরণ করতে বলা হয়েছে। ২ শতাংশ বা তার বেশি শেয়ার আছে এমন শেয়ারহোল্ডারদের পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে।
পরিচালক পদ হারানোর মধ্যে সব থেকে বেশি রয়েছেন মার্কেন্টাইল ইনসিওরেন্সে। কোম্পানিটির পাঁচ জন পরিচালক পদ হারিয়েছেন। তারা হলেন—আজিজ মাহমুদ ইরশাদ উল্লাহ, ফাতেমা ইসলাম সোনিয়া, আজাদ মোস্তফা, শফিকুর আহমেদ এবং সাদ কাদির বিন সোলাইমান। ইটকেট লিমিটেড থেকে পদ হারিয়েছেন তিন জন পরিচালক। তারা হলেন—এটিএম মাহবুবুল আলম, সাদিকা মাহাবুব ও মো. আনিসুজ্জামান। দুই জন পরিচালক পদ হারিয়েছেন প্রভাতী ইনসিওরেন্স থেকে। তারা হলেন—বদলুর রহমান খান এবং হাবিব ই আলম চৌধুরী। মেঘনা লাইফ ইনসিওরেন্স থেকেও দুই জন পরিচালক পদ হারিয়েছেন। এই দুই পরিচালক হলেন— শামিমা নাসরিন এবং দিলরুবা শারমিন।
এছাড়া বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্সের সোহেল হুমায়ুন, ইস্টার্ন ইনসিওরেন্সের পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক পাইওনিয়ার ড্রেসেস, ইমাম বাটনের লোকমান চৌধুরী, পূরবী জেনারেলের মো. ইকবাল এবং ইউনাইটেড এয়ারের শাহিনুর আলম পরিচালক পদ হারিয়েছেন। এর আগে গত ২ জুলাই তালিকাভুক্ত ২২ কোম্পানির ৬১ জন পরিচালককে ৪৫ কার্যদিবসের মধ্যে ন্যূনতম দুই শতাংশ শেয়ার ধারণে আলটিমেটাম দিয়েছিল বিএসইসি।
