পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালীনগর ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল জানান, নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় রবিবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের ২২ নম্বর পোল্ডারের কালীনগর বাওয়ালীবাড়ী সংলগ্ন এলাকায় প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বাঁধের অর্ধেকেরও বেশি অংশ নদীগর্ভে চলে গেছে। ভাঙন রোধে এলাকাবাসী ও ড্যাম কেয়ার টিমের সদস্যদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামত কাজ অব্যাহত রেখেছি। এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।
