ঢাকা-হাতিয়া নৌ-রুট
মনপুরা (ভোলা) সংবাদদাতা
ঢাকা-হাতিয়া রুটে মনপুরাগামী তিন শতাধিক যাত্রীকে মধ্যপথে নামিয়ে দেয় তাসরিফ-২ ও ফারহান-৫ নামের যাত্রীবাহী দুটি লঞ্চ। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে বৈরী আবহাওয়ার মধ্যে ঝুঁকি নিয়ে যাত্রীরা দুটি ট্রলারে করে মেঘনা পাড়ি দিয়ে মনপুরা আসে। যাত্রীসহ স্থানীয়রা এই অমানবিকতার তদন্ত চেয়ে বিচার দাবি করেছেন। সোমবার ভোর ৪টার দিকে ভোলার বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন ও তজুমদ্দিনে লঞ্চ দুটি যাত্রীদের নামিয়ে দেয়। লঞ্চের যাত্রী শাহিন, নয়ন, কামাল, ফরিদা, ছালাহউদ্দিন, সাদ্দাম, আফসারসহ অনেকে জানান, হঠাত্ করে ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চ দুটির কর্তৃপক্ষ হাকিমুদ্দিন ও তজুমদ্দিনে আমাদের নামিয়ে দেয়। তবে এর কারণ বলেনি। পরে ঝুঁকি নিয়ে ট্রলারে করে মনপুরায় চলে আসি। মনপুরার রামনেওয়াজ লঞ্চ ঘাটের ফারহান-৫ লঞ্চের সুপারভাইজার মো. বাবুল ও তাসরিফ-২ লঞ্চের সুপারভাইজার মো. এনায়েত জানান, বৈরী আবহাওয়ার জন্য যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, লঞ্চ দুটি ভোররাতে যাত্রীদের নামিয়ে দিয়েছে ও পরে বৈরী আবহাওয়ার মধ্যে তারা ট্রলারে করে মনপুরায় আসার বিষয় জানি না। তবে এ ধরনের ঘটনা যাতে পরবর্তী সময়ে না ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখা হবে।
