নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানকে অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত চেয়ারমানরা হলেন নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউপি চেয়ারম্যান ফখরুদ্দিন আলী আহম্মেদ ও রাণীনগর উপজেলার একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম। জেলা প্রশাসক হারুন অর রশীদ সোমবার বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
সত্যতা নিশ্চিত করে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজা জানান, চেয়ারম্যান ফখরুদ্দিনকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন জানান, অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী চেয়ারম্যানকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
