হত্যাকাণ্ডের ১৮ বছর পর রায়
নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হক হত্যা মামলার রায়ে তোরাব ও শামীম নামে দুই জনের ফাঁসির আদেশ এবং ১১ জনকে খালাস দিয়েছে আদালত। হত্যাকাণ্ডের ১৮ বছর পর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, এর আগে অনেক আসামি আইনের ফাঁক গলে খালাস পেয়ে গেছেন। এর জন্য উচ্চ আদালতে আবারও আপিল করা হবে। উল্লেখ্য, ২০০২ সালের ২৯ মার্চ ডা. আয়নাল হককে হত্যা করা হয়।
