করোনা সংক্রমণ কমলে শর্ত সাপেক্ষে ১৬ অক্টোবর খুলবে সিনেমা হল : তথ্যমন্ত্রী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:১৯

ইত্তেফাক রিপোর্ট

সাত মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ অক্টোবর দেশের সব সিনেমা হল খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, ‘প্রেক্ষাগৃহ খোলার বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আগস্ট মাসের শুরুর দিকে একবার বসেছিলাম। সেই বৈঠকের সিদ্ধান্ত ছিল ১৫ সেপ্টেম্বরের পর বৈঠক করে সিদ্ধান্ত নেব। সেই মর্মে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি করোনা পরিস্থিতি এখনকার চেয়ে কমে আসে তবে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারি! তার আগে অবশ্যই প্রধানমন্ত্রীর সম্মতি গ্রহণ করব। ধারণ ক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হলগুলো চালু হবে।গতকাল সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। করোনা সংক্রমণ বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধ ঘোষণা করা হয়। এরই মধ্যে অফিস-আদালত ও সিনেমার শুটিং চালু করলেও সিনেমা হল খোলার অনুমতি মেলেনি।