মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষ মেশানো চিঠি পাঠানোর ঘটনায় সন্দেহভাজন এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ঐ চিঠিতে রাইসিন নামক এক ধরনের মারাত্মক বিষাক্ত পদার্থ মেশানো ছিল বলে মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে। তবে হোয়াইট হাউজে পৌঁছানোর আগেই ঐ চিঠি জব্দ করা সম্ভব হয়েছে। খবর সিএনএনের।
ঐ নারী কানাডা থেকে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বর্ডার ক্রসিং দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। ঐ নারীর কাছে একটি বন্দুক ছিল। মার্কিন প্রশাসনের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। ওয়াশিংটন ডিসির প্রসিকিউটররা জানিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। হোয়াইট হাউজের ঠিকানায় পাঠানো যে কোনো চিঠি সেখানে পৌঁছে দেওয়ার আগেই তা পরীক্ষানিরীক্ষার জন্য একটি আলাদা কার্যালয় রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষানিরীক্ষার সময়ই ঐ চিঠিতে বিষ শনাক্ত হয়। খামের ভেতরে চিঠিতে রাইসিন মেশানো ছিল। ক্যাস্টর অয়েল যে ধরনের বীজ থেকে তৈরি হয়, সেই একই বীজ থেকেই তৈরি হয় রাইসিন বিষ। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বলেছে, রাইসিন এতটাই বিষাক্ত যে, মাত্র কয়েকটি লবণ দানার পরিমাণ এক জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে।
যুক্তরাষ্ট্রে এর আগেও হোয়াইট হাউজের ঠিকানায় রাইসিন মেশানো চিঠি পাঠানোর ঘটনা ঘটেছে। ট্রাম্পের কাছে পাঠানো চিঠিতে রাইসিনের উপস্থিতি নিশ্চিত করতে দুই বার পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। এফবিআই ওয়াশিংটনের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, ট্রাম্পকে বিষ মেশানো চিঠি পাঠানোর ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।
