ফেলে দেওয়া জিনিসের জাদুঘর!

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৮:২৪

ভারতের ওড়িশার রাজধানী ভুবেনশ্বরে একটি ভিন্নধর্মী জাদুঘর তৈরি করা হয়েছে। এই জাদুঘরে এমনকিছু রাখা রয়েছে যা দেখে আপনি রীতিমতো চমকে উঠবেন। নাম না দেওয়া এই জাদুঘরে যেসব জিনিস রাখা হয়েছে এটাকে আবর্জনার জাদুঘর বললে খুব একটা ভুল হবে না! কারণ জাদুঘরের ভেতরে যেসব প্রাণীর অবয়ব রয়েছে তার সবটাই তৈরি হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক ও ধাতব পদার্থ দিয়ে।

প্লাস্টিক ও ফেলে দেওয়া বর্জ্য সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই ১৪টি দেশের কয়েকজন শিল্পী মিলে এটি তৈরি করেছেন। জাদুঘরের ভেতরে রয়েছে হাতি, কচ্ছপ, বাঘসহ একাধিক প্রাণীর মূর্তি। পুরো প্রকল্পটি শেষ করতে প্রায় ৫০ টন প্লাস্টিক ও ধাতব পদার্থ ব্যবহার করা হয়েছে। এগুলো সংগ্রহ করা হয়েছে ভুবেনশ্বর ও এর পার্শ্ববর্তী এলাকা থেকে। জাদুঘর বাস্তবায়নকারী কর্তৃপক্ষ মনে করছে এর মাধ্যমে নগরবাসী দেখতে পারবে কী পরিমাণ প্লাস্টিক বর্জ্য তারা ফেলছে। ফলে তারা পরিবেশ রক্ষায় সচেতন হবে।