বিশ্বব্যাপী নানা ধরনের জালিয়াতি এবং কেলেঙ্কারির খবর জানা সত্ত্বেও প্রতারকদের কয়েক মিলিয়ন ডলার লেনদেনের অনুমতি দিয়েছিল এইচএসবিসি ব্যাংক। সম্প্রতি এ সংক্রান্ত কিছু গোপন ফাইল ফাঁস হয়েছে। ব্রিটেনের বৃহত্তম এই ব্যাংকটি ২০১৩ ও ২০১৪ সালে হংকংয়ে বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়ের মাধ্যমে নিজেদের বিভিন্ন অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেছিল। ৮ কোটি ডলারের ওই প্রতারণায় এই ব্যাংকের ভূমিকার কথা সম্প্রতি ফাঁস হয়েছে। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর ফাঁস হওয়া ‘সাসপিসাস অ্যাক্টিভিটি রিপোর্টস’-এর ভিত্তিতে এসব তথ্য জানা গেছে। লিক হওয়া ওই প্রতিবেদন ‘ফিনসেন ফাইলস’ নামে পরিচিত। সব মিলিয়ে ঐ নথিতে ২০০০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ২ লাখ কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ লেনদেনের তথ্য আছে। এই তহবিলগুলোকে সন্দেহজনক বলে চিহ্নিত করেছিল আর্থিক প্রতিষ্ঠানগুলোর ইন্টারনাল কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট।
এই নথিগুলোতে যেসব ব্যাংকের নাম এসেছে সেগুলো হলো, এইচএসবিসি হোল্ডিংস পিএলসি, জেপি মর্গান চেজ অ্যান্ড কোম্পানি, ডয়েচে ব্যাংক এজি, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এবং নিউ ইয়র্ক মেলন করপোরেশন। ফিনসেন ফাইলের ২ হাজার ৬৫৭টি ডকুমেন্ট ফাঁস হয়েছে। সেখানে ২ হাজার ১০০টি কার্যক্রমকে সন্দেহজনক বলে উল্লেখ করা হয়েছে। —বিবিসি
