অনেক স্বতন্ত্র পরিচালক যথাযথ ভূমিকা পালন করছেন না ------ বিএসইসি চেয়ারম্যান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৯

পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত-উল-ইসলাম বলেছেন, বাংলাদেশের অনেক সংস্থায় কেবল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তারা তাদের যথাযথ ভূমিকা পালন করছেন না। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ‘করপোরেট ওয়ার্ল্ডে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এর ভূমিকা’ শীর্ষক সিপিডি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার ভার্চুয়ালি আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার ড. মো. মিজানুর রহমান। ইনস্টিটিউটের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস এতে সভাপতিত্ব করেন। ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ এফসিএস তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন, আইসিএএসবির অনেক দক্ষ পেশাদার আছেন, তাই বিএসইসি গভর্ন্যান্স অডিট শুধু চার্টার্ড সেক্রেটারিদের জন্য রাখা যেতে পারে।

সভায় আইসিএসবির উপস্থাপনায় বলা হয়, প্রতিষ্ঠানে মনোনীত পরিচালকগণকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে বিবেচনা করা উচিত নয়। যোগ্যতা, পরিচালক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা, ব্যবসায় জ্ঞান এবং নৈতিক নেতৃত্বের ভিত্তিতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্যানেল প্রস্তুত করা দরকার। তাদের পারফরম্যান্স সঠিকভাবে মূল্যায়ন করা প্রয়োজন। বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. মিজানুর রহমান বলেন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের বিভিন্ন স্টেকহোল্ডারদের স্বার্থ পরিচালনা করতে হবে এবং তাদের সমস্যা প্রশমিত করতে হবে। একটি সমস্যা হয়েছে যে বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারদের কথা ব্যবস্থাপনা পর্ষদ পর্যন্ত পৌঁছাতে পারে না। করপোরেট গভর্ন্যান্স কোড ভালোভাবে সংজ্ঞায়িত না। প্রতিটি পরিচালককে স্বতন্ত্রভাবে এবং যৌথভাবে দায়বদ্ধ হতে হবে।