প্রভাষকের বহিষ্কারের দাবিতে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০০:৩৭

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক রফিকুল ইসলামের বহিষ্কার ও গত মঙ্গলবার অনুষ্ঠিত মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষাটি পুনরায় নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন সরকারি তোলারাম কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে পরীক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রভাষক রফিকুল ইসলামের বহিষ্কার দাবি করে বিভিন্ন স্লোগান দিতে দিতে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে উপস্থিত হন।

এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার ইসদাইরে অবস্থিত নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাস্টার্সের শেষ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে মোবাইল ফোন আনার অভিযোগে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক রফিকুল ইসলাম ৪০ পরীক্ষার্থীর খাতা আটকে রাখেন। পরীক্ষার তিন ঘণ্টা পেরিয়ে গেলেও উত্তরপত্র ফেরত দেননি মহিলা কলেজের ওই প্রভাষক। পরীক্ষক রফিকুল ইসলাম পরীক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করেন।

এদিকে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বেদৌরা বিনতে হাবীব বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী প্রভাষক রফিকুল ইসলামকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। আমরা পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার জন্য সুপারিশ করবো। এ ছাড়া যদি অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো।

এ বিষয়ে নারায়ণগঞ্জ তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ বলেন, আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। পরীক্ষা কক্ষে কোনো পরীক্ষার্থীর কাছে ফোন পাওয়া গেলে পরীক্ষক পরীক্ষার্থীকে এক্সফেল করতে পারে। কিন্তু ৩ ঘণ্টা খাতা আটকে রাখা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আর ফোন নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা মানে হচ্ছে তাদের ব্যবস্থাপনাতেও ত্রুটি রয়েছে।