জাপানের অর্থনীতি

মূল শত্রু জনসংখ্যাগত সমস্যা

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২০:০৬

 

জাপানের অর্থনীতির জন্য গত দুই দশক-এ প্রসঙ্গে যেকোনো জাপানিকে কিছু বলতে বললে শুরুতেই দীর্ঘশ্বাস ছাড়ে। অর্থনৈতিক মন্দার দায়ে এ সময়টা তাদের কাছে ‘কালযুগ’ হিসেবে চিহ্নিত। কিঞ্চিত হলেও ঐশ্বর্য হারানোয় অর্থনীতিবিদদের কাছে এ দুই দশক হচ্ছে, ‘লস্ট ডিকেডস’। কিন্তু অনেক বিষয়ের বিশেষজ্ঞরা তা মানতে নারাজ। তাদের কাছে এ দুই দশক লস্ট ডিকেডস তো নয়ই; উপরন্তু বহু কিছু অর্জনের দশক বা ‘গেইনড ডিকেডস’, বিশেষত সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে সামাজিক পরিপক্বতা অর্জনের দৃষ্টিকোণ থেকে। তদুপরি সেখানে মাঝারি আয়ে লিঙ্গগত মজুরি বৈষম্য এখন পর্যন্ত প্রায় ২৭ শতাংশ, যা কি না অধিকাংশ উন্নত দেশেই অকল্পনীয়। বিয়ের পর জাপানি মেয়েদের ক্যারিয়ার গঠনকে নিরুত্সাহিত করা হয়। সেখানকার শ্রমশক্তিতে বিদেশিদের প্রতিনিধিত্ব ২ শতাংশেরও কম, যেটি ইউরোপীয় দেশগুলোয় গড়ে ১০ শতাংশ আর যুক্তরাষ্ট্রের বেলায় ১৬ শতাংশ। নিশ্চল অর্থনীতিকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে চাইলে শুধুমাত্র বৈশ্বিক অর্থনীতির মন্দাভাব কেটে যাওয়াই যথেষ্ট নয়, বুড়ো লোকের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াতে ধস নামা জন্মহারকে টেনে তোলাটা একান্ত আবশ্যক। বর্তমান পরিস্থিতিতে শ্রমশক্তিতে নারী ও অভিবাসীদের অংশগ্রহণ বৃদ্ধি করাটা নতুন করে বলার প্রয়োজন পড়ে না। মারাত্মক মূল্যস্ফীতি, প্রবৃদ্ধির নিশ্চলতা এবং বিশ্বের সর্বোচ্চ সরকারি ঋণ, এই তিন বিষয় জাপানের অর্থনীতিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে।

বর্তমান প্রধানমন্ত্রী শিঞ্জো অ্যাবে’র মাত্রিক সহজতা এবং কাঠামোগত সংস্কারের বৈপ্লবিক নীতি উপরোল্লিখিত তিন সমস্যার গায়ে আঁচড়ও কাটতে পারছে না। প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম প্রজনন হার (প্রতি নারীতে ১.৪) এবং বিশ্বের সর্বোচ্চ গড় আয়ুর (৮৩.৭ বছর) মিশ্রণের অর্থ হচ্ছে, জনসংখ্যাগত কঠিন সমস্যা মোকাবিলা করছে জাপান। অর্থনীতিতে অবদান রাখতে কর্মক্ষম লোকের সংখ্যা অত্যন্ত কম হওয়া সত্ত্বেও তাদেরকে ঠিকই সাহায্য-সহযোগিতা যুগিয়ে যেতে হচ্ছে ক্রমান্বয়ে বাড়তে থাকা বুড়ো লোকদের প্রতি।

নানাবিধ কারণে জাপানের শ্রমশক্তিতে আরও নারী যুক্ত হওয়াটা একান্ত জরুরি। অর্গানাইজেশান ফর ইকোনমিক কোঅপারেশান এন্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-এর তথ্যানুসারে জাপানে সন্তান জন্মদানের পর মাত্র ৩৮ শতাংশ নারী তাদের চাকুরিটি চালিয়ে যায়। মেয়েদের ওপর থাকা প্রবল সামাজিক প্রত্যাশার চাপ এবং শিশুসেবা কেন্দ্রের অপ্রতুলতাই এর মূল কারণ। অন্যান্য দেশের লোকদের জাপানে স্থায়ী হওয়ার পেছনে আরো অনেক বিষয়ের মতো এটিও প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। জাপানের চড়া শ্রমের মূল্যের জন্যে শিশুসেবা পাওয়া ও আয়া রাখার বিষয়টি আমজনতা চিন্তাও করতে পারে না। এসব দিক মাথায় রেখেই গৃহকর্মী হিসেবে ফিলিপাইনের মতো দেশগুলোর নাগরিকদের অনুমোদন দেয়ার নিয়মকানুন শিথিল করা হয়েছে অতিসম্প্রতি। জাপানিদের তুলনায় ভাড়া করে আনা ফিলিপিনোরা অনেক কম খরচে শিশুযত্ন ও গৃহকর্মী সরবরাহ করতে পারে। প্রয়োজনীয় সমর্থন ও সহযোগিতা পেলে জাপানি নারীরাও যে অনেক কিছু করে দেখাতে পারে।

—ফরেন পলিসি অনুসরণে