পাটগ্রামে ভারতীয় শাড়িসহ গ্রেফতার ২

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলোচিত দহগ্রাম তিন বিঘা কড়িডোর গেট দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় শাড়ি ও কসমেটিকস্সহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।  পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে গত সোমবার রাতে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ি এলাকার ছমির উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঐ বাড়ি থেকে ১০০টি ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রকার কসমেটিকস্ ও একটি অটো ভ্যানগাড়িসহ চোরাকারবারি ছমির উদ্দিন (৩৮) ও আব্দুল মালেককে (৫০) গ্রেফতার করা হয়। আটককৃত মালামালের মূল্য ৪ লাখ ৯২ হাজার ২৮০ টাকা।  

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বলেন, ‘চোরাচালান মামলায় তিন আসামির মধ্যে গ্রেফতারকৃত দুই জনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর পলাতক আসামি সাঈদীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’