গাজীপুর সদর উপজেলা দুটি অফিসে চুরি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:১৩

গাজীপুর সদর উপজেলা পরিষদের অভ্যন্তরে দুটি সরকারি অফিসে রবিবার রাতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ঐ দুটি অফিসের তালা ও জানালার গ্রিল ভেঙে নগদ টাকা, স্কেনার মেশিন লুট এবং অফিস দুটির কাগজপত্র তছনছ করেছে। এ ঘটনার পর উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন ও ব্যক্তিগত নিরাপত্তার দাবি জানানো হয়েছে।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকি জানান, রবিবার রাতে চোরেরা উপজেলা কমপ্লেক্সের অভ্যন্তরে উপজেলা সমাজসেবা অফিসের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ১০ হাজার টাকা, একটি স্কেনার মেশিন ও প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে। পরে চোরেরা পার্শ্ববর্তী ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের অফিসের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে একটি আলমারি ও একটি টেবিলের ড্রয়ার ভেঙে নগদ ৪ হাজার ৭০০ টাকা নিয়ে গেছে এবং অফিসের কাগজপত্র তছনছ করা হয়।

সদর উপজেলা ক্যাম্পাসে ১৭টি সরকারি অফিস রয়েছে। এতে মাত্র দুই জন নাইটগার্ড দায়িত্ব পালন করেন। ঐ ক্যাম্পাসে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনওর বাসভবন রয়েছে। চার জন আনসার সদস্য ইউএনওর বাসভবন ও তার ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত থাকলেও উপজেলা চেয়ারম্যানের বাসভবন ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেই। এ ব্যাপারে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন ইউএনওদের পাশাপাশি সারাদেশে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের বাসভবন ও ব্যক্তিগত নিরাপত্তার দাবি জানান।