কাঠের বোটে টেকনাফে ফিরেছে সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা 

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৮

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া শতাধিক পর্যটক কাঠের ট্রলারে করে জীবনের ঝুঁকি নিয়ে টেকনাফে ফিরে এসেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ৪টি কাঠের ট্রলারে করে তারা টেকনাফের কায়ুকখালী ঘাটে পৌঁছেন। আরও ২০-২৫ পর্যটক স্বেচ্ছায় সেখানে থেকে গেছেন বলে জানা গেছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরের দিকে পর্যায়ক্রমে ৪টি যাত্রী পরিবহনে ব্যবহৃত কাঠের ট্রলারে করে তারা টেকনাফে ফিরে যান। বিকেলে সবাই নিরাপদে টেকনাফে পৌঁছেছেন। তবে, আরও কিছু পর্যটক সেন্টমার্টিন দ্বীপে স্বেচ্ছায় রয়ে গেছে, তাদের দেখভাল করা হবে।

আরও পড়ুন: ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত ডিলার ফয়সালের ডিলারশিপ বাতিল

ফিরে আসা পর্যটকেরা টেকনাফে পৌঁছে জানিয়েছেন তারা গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর কক্সবাজার থেকে কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি জাহাজে তারা সেন্টমার্টিন ভ্রমণে যান। ২১ তারিখ তাদের ফিরে আসার কথা থাকলেও সাগরে ৩নং সংকেত জারি হওয়ায় সেদিন থেকে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তারা সেখানে আটকা পড়েন। তবে এসময় তাদের তেমন কোন অসুবিধা হয়নি বলে জানান তারা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সোমবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। এতে সেন্টমার্টিনে আটকা পড়েছিল শতাধিক পর্যটক। তারা নিজেরা ঝুঁকি নিয়ে টেকনাফ ফিরে এসেছে।

ইত্তেফাক/এএএম