ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর জহির উদ্দিনের নিশ্চিন্তপুর শিকদার বাজারে নির্মিত চারতলা স্কুলভবন কাম আশ্রয়কেন্দ্র মেঘনা নদীর গর্ভে বিলীন হতে চলেছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, গত দুই সপ্তাহ ধরে ভাঙনে এই স্কুলভবন নদীগর্ভে চলে যাচ্ছে।
জানা গেছে, ভোলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম চর জহিরউদ্দিনের মানুষের আশ্রয় ও শিক্ষা ব্যবস্থা প্রসারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি) ২০১০-১১ অর্থ বছরে ২ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়েছিল। এই ভবনে ২০০৮ সালে প্রতিষ্ঠিত নিশ্চিন্তপুর শিকদার বাজার মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করে প্রশাসন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, বই-আসবাবপত্র ও সোলারপ্লেটসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে আমরা আশ্রয়হীন হয়ে পড়েছি।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নুরুন্নবী সিকদার বাবুল জানান, চরের মানুষের আশ্রয় ও শিক্ষার প্রসার অব্যাহত রাখতে দ্রুত বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। উপজলা নির্বাহী অফিসার আল নোমান জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাউবো কর্মকর্তাসহ পরিদর্শন শেষে নিলামের মাধ্যমে অপসারণের জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু নদীভাঙনের তীব্রতা বেশি হওয়ায় ভবনের একাংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।
