খুলনার দীঘলিয়ায় ১৪৪ ধারা জারি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯

খুলনার দীঘলিয়া উপজেলার সেনহাটিতে একই সময়ে পৃথক দুটি সংগঠন সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত স্থানীয় উপজেলা প্রশাসন সম্ভাব্য সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করে।

দীঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, দীঘলিয়ার ভৈরব নদের ওপর সেতু নির্মাণের টেন্ডার আহ্বান করায় স্থানীয় সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে বুধবার বিকাল ৪টায় স্থানীয় শিববাড়ি মাঠে সমাবেশের আয়োজন করে। এজন্য তিন দিন আগে তারা উপজেলা প্রশাসনের অনুমতি চেয়ে দরখাস্ত করে। অন্যদিকে পাটকল রক্ষার দাবি জানিয়ে একই সময়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ পৃথক সমাবেশের ডাক দেয়। তবে তারা কোনো অনুমতি নেয়নি। একই সময়ে দুটি সংগঠন একই স্থানে সমাবেশের ডাক দেওয়ায় সংঘাত এড়াতে সেনহাটির শিববাড়ি মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।