ঢাকার যানজট নিরসনে ছয়টি রুটে ১২৮ কিলোমিটার মেট্রোরেল নির্মিত হবে --------- ওবায়দুল কাদের

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ২০৩০ সালের মধ্যে ঢাকা ও এর আশপাশের এলাকার যানজট নিরসনে ছয়টি মেট্রোরেল রুট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় ১২৮ কিলোমিটার মেট্রোরেল নির্মাণ করা হবে, যার ৬৭ কিলোমিটার হবে উড়াল এবং ৬১ কিলোমিটার পাতালপথে। তিনি বলেন, আগামী শীতে করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে পারে। তাই এখন থেকেই আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে।

গতকাল বুধবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেট্রোরেল প্রকল্পের উদ্যোগে নির্মিত ফিল্ড হাসপাতাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে মেট্রোরেল প্রকল্পে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে        ধরে সেতুমন্ত্রী বলেন, নতুন নতুন সংকট শুরু হয়, সমাধানের জন্যও পথ খোঁজা হয়। এই মহামারিতে মেট্রোরেলের সঙ্গে সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতাল নির্মাণসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মেট্রোরেল প্রকল্পে জাপান ও থাইল্যান্ডের পরামর্শকেরা কাজ করছেন। কারো করোনা শনাক্ত হলে কিংবা উপসর্গ দেখা দিলে প্রকল্প এলাকায় কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। সব কর্মীর জন্য প্রকল্প এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ওবায়দুল কাদের জানান, করোনা দীর্ঘায়িত হতে পারে—এমন বিবেচনায় মেট্রোরেল কর্তৃপক্ষ কর্মীদের জন্য দুটি ফিল্ড হাসপাতাল নির্মাণ করেছে। উত্তরার পঞ্চবটী কনস্ট্রাকশন ইয়ার্ডে ১৪ শয্যাবিশিষ্ট এবং গাবতলীর কনস্ট্রাকশন ইয়ার্ডে ১০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হয়েছে। আইসিইউ সুবিধাসহ সব সুবিধাই রাখা হয়েছে। দেশে কোনো উন্নয়ন প্রকল্পের জন্য হাসপাতাল নির্মাণের নজির এই প্রথম।

এ সময় ভার্চুয়াল প্ল্যাটফরমে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক ও প্রকল্প পরিচালকরা।