স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক পুরোনো সম্পর্ক। এ সম্পর্ক অটুট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতার কথা ভুলে যাওয়ার নয়। গতকাল বুধবার দোহার উপজেলায় মালিকান্দা এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ভারতীয় বিদায়ি রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে গান্ধীজির আশ্রম পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় বিদায়ি রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলি দাশ বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক অটুট রয়েছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। তিনি বলেন, ‘আমি চলে যাচ্ছি ঠিকই, তবে আমি বাংলাদেশকে অনেক মিস করব।’
ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল উদ্দিন, আইজিপি ড. বেনজীর আহমেদ, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সর্দার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক খোকন শিকদার প্রমুখ। অনুষ্ঠান শেষে গান্ধীজি আশ্রম প্রাঙ্গণে পৃথকভাবে দুটি গাছের চারা রোপণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ড. প্রফুল্ল চন্দ্র ঘোষের আমন্ত্রণে মহাত্মা গান্ধী দোহারের এই আশ্রমে দুই বার এসেছিলেন। প্রথম আসেন ১৯৩৭ সালে। তখন প্রফুল্ল ঘোষের দোহারের বাড়িতে সাত দিন অবস্থান করেন। এরপর ১৯৪৩ সালে এসে এই স্থানটিতে দুই সপ্তাহ অবস্থান করে ছিলেন।
