দেশে করোনা ভাইরাসে এক দিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে ৯ জন। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জন মারা গেছেন। এর আগের দিন মারা যান ২৮ জন। গতকাল নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৬৬ জন। বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।
দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন। আর গত এক দিনে মারা যাওয়া ৩৭ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৪৪ জনে দাঁড়াল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ১৬৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০২টি ল্যাবে ১৪ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৬২ হাজার ৬৩৭টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৭৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৬৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
