লাদাখ সীমান্তে আর সেনা না পাঠানোর বিষয়ে দিল্লি-বেইজিং সমঝোতা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০০:৩২

ভারত ও চীনের সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিম হিমালয়ের বিরোধপূর্ণ লাদাখ সীমান্ত আরো সেনা না পাঠানোর বিষয়ে চীন ও ভারতের মধ্যে সমঝোতা হয়েছে। উত্তেজনাপূর্ণ ঐ সীমান্তে পরিস্থিতিকে আরো জটিল করে তোলার মতো তত্পরতাও এড়িয়ে চলবে বলে মঙ্গলবার দেশ দুটি জানিয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান জানিয়েছেন, সোমবার উভয় দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা বৈঠকে মিলিত হয়ে ঐ বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে নিজেদের ধারণা বিনিময় করেছেন।

গতকাল একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয়পক্ষ ভুল বোঝাবুঝি ও ভুল ধারণা এড়ানোর এবং একতরফাভাবে পরিস্থিতি পরিবর্তন করা থেকে বিরত থাকার বিষয়ে একমত হয়েছে। যত শিগিগর সম্ভব সামরিক কমান্ডার পর্যায়ের সপ্তম রাউন্ড বৈঠক আয়োজনের বিষয়েও উভয়পক্ষ একমত হয়েছে দিল্লি-বেইজিং। 

তিব্বত সীমান্তবর্তী লাদাখ অঞ্চলের বিরোধপূর্ণ একটি অংশে ভারত ও চীনের কয়েক হাজার সেনা জড়ো হয়ে আছে। হিমালয়ের ঐ প্রত্যন্ত অঞ্চলে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা, অচলাবস্থা চলার পর জুনে দুই পক্ষের মধ্যে প্রাণঘাতী হাতাহাতি লড়াইয়ে ২০ ভারতীয় সৈন্য নিহত হয়। চীনে তাদের পক্ষেও হাতহত হওয়ার কথা স্বীকার করলেও সংখ্যা প্রকাশ করেনি।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, সর্বশেষ বৈঠকের পর সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়িয়ে চলতে সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে সেভাবেই চলবে। এর আগে মস্কোতে দুই পক্ষের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর ১১ সেপ্টেম্বর চীন ও ভারত জানিয়েছিল, তারা উত্তেজনা হ্রাস ও ‘শান্তি ও স্থিতিশীলতা’ ফিরিয়ে আনার বিষয়ে একমত হয়েছে। -রয়টার্স