করোনার প্রভাব মোকাবিলায় বাংলাদেশে মোট প্রণোদনার শতকরা ২২ ভাগ এসএমই খাতের (ক্ষুদ্র ও মাঝারিশিল্প) জন্য বরাদ্দ রাখা হয়েছে। মালয়েশিয়ায় এই হার শতকরা ২৪ ভাগ, থাইল্যান্ডে ৩৩ ভাগ এবং ভারতে মোট প্রণোদনার শতকরা ৩৮ ভাগই এসএমই খাতের জন্য বরাদ্দ করা হয়েছে। বাংলাদেশে এসএমই খাতে প্রণোদনার পরিমাণ আরো বাড়ানোর সুপারিশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসএমই খাতে কোভিড-১৯-এর ক্ষতি উত্তরণে এসএমই ফাউন্ডেশন এবং জার্মান উন্নয়ন সংস্থা এফইএস বাংলাদেশের যৌথ আয়োজনে আন্তর্জাতিক ওয়েবিনারে এ আহ্বান জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং জার্মানির ক্র্যাফট ইন্ডাস্ট্রি ইন্টারন্যাশনালের ভাইস চেয়ার মাইকেল রজলার। কোভিড-১৯-পরবর্তী পরিস্থিতিতে এসএমই খাতের জন্য পাঁচটি সুপারিশ তুলে ধরা হয়। এগুলো হলো—এসএমই নীতিমালা ২০১৯ বাস্তবায়ন, উদ্যোক্তাদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশেষ নজর দেওয়া, ডিজিটাল আর্থিক সেবা শক্তিশালীকরণ, ঋণ বিতরণ নজরদারি করা এবং উদ্যোক্তাদের পণ্য রপ্তানিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি করা।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, কোভিড-১৯-এর কারণে এসএমই খাতের ক্ষতি পুষিয়ে নিতে নীতিসহায়তার পাশাপাশি ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-১৯-এর কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের এসএমই খাত। বিশেষ করে পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় সংকটে পড়েছেন গ্রামীণ উদ্যোক্তারা। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে এসএমই খাতের রাজস্ব ৬৬ শতাংশ কমে গেছে—গণমাধ্যমের প্রকাশিত এমন তথ্য তুলে ধরে শিল্পমন্ত্রী আরো বলেন, এসব সমস্যা সমাধানের জন্য এসএমই খাতকে সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার। ওয়েবিনারে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, কোভিড-১৯-এর কারণে বছরে বিক্রির সবচেয়ে বড় দুই মৌসুম বাংলা নববর্ষ এবং ঈদুল ফিতরে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সেসময় পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন উদ্যোক্তারা। অনেক অবিক্রীত পণ্য মজুত হয়ে আছে। তিনি আরো জানান, এজন্য উদ্যোক্তাদের ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে এসএমই ফাউন্ডেশন। ইতিমধ্যে ৫০০-এরও বেশি উদ্যোক্তাকে ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া এসএমই উদ্যোক্তাদের ওপর কোভিড-১৯-এর প্রভাব খতিয়ে দেখতে একটি গবেষণা পরিচালনা করবে বলেও জানান তিনি।
