বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দিয়ে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেন। তার আগে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য দেশের মর্যাদা লাভ করে। এর মাত্র আট দিন পর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেন। জাতিসংঘ এটিই বাংলায় প্রথম ভাষণ। বঙ্গবন্ধুর ভাষণটি ছিল বিশ্বের অধিকারবঞ্চিত নির্যাতিত মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা ও বিশ্বশান্তি, ন্যায়নীতি প্রতিষ্ঠার এক সাহসী পদক্ষেপ।
বঙ্গবন্ধু তাঁর ভাষণে বাংলাদেশের মুক্তিসংগ্রামে যেসব দেশ ও জাতি সমর্থন জানিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের সংগ্রাম ছিল ন্যায় ও শান্তির জন্য সার্বজনীন সংগ্রামের প্রতীকস্বরূপ। তিনি আরো বলেন অতীতের সকল সংঘাত ও বিরোধের বদলে বাংলাদেশ তিনটি দেশের জনগণের মধ্যে কল্যাণকর সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং নিকট প্রতিবেশী দেশ ভারত, বার্মা ও নেপালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া অতীত থেকে মুখ ফিরিয়ে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ক্ষমা প্রদর্শন করে এই উপমহাদেশে শান্তি ও সহযোগিতার নতুন ইতিহাস রচনার কাজে আন্তরিকতার পরিচয় দিয়েছি। বাংলাদেশ সকল প্রতিবেশী দেশের সঙ্গে সত্ প্রতিবেশী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালিয়ে যাবে।
জাতিসংঘ বাংলাদেশের বুক থেকে যুদ্ধের ক্ষত দূর করা, যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির উত্পাদন ক্ষমতার পুনরুজ্জীবন এবং মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় গ্রহণকারী উদ্বাস্তু পুনর্বাসনে সহযোগিতা প্রদান করে। ভাষণের শেষের দিকে বঙ্গবন্ধু বলেন, আত্মনির্ভরশীলতাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের মতো উদীয়মান দেশসমূহের অবশ্যই নিজেদের কার্যক্ষমতার প্রতি আস্থা রাখতে হবে এবং শুধুমাত্র জনগণের ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গড়ে তোলা যাবে উন্নততর ভবিষ্যত্।
জাতিসংঘ বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণের তারিখ ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশ অভিবাসী দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলাভাষায় প্রদত্ত ভাষণ স্মরণে বাংলাদেশ ডাক বিভাগ স্মারক ডাকটিকিট ও সুভেনির শিট প্রকাশ করে। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে ৫ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়, যার নকশাকার আনোয়ার হোসেন। ডাকটিকিটে জাতিসংঘে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণের ছবি স্থান পায়। এরপর ২০১৮ সালের ২৯ মে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের গৌরবদীপ্ত ৩০ বছর উপলক্ষ্যে ৪০ টাকা মূল্যমানের একটি সুভেনির শিট প্রকাশিত হয়, যার ডিজাইনার সনজীব কান্তি দাস। সুভেনির শিটে জাতিসংঘে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণের ছবি রয়েছে।
