সৈয়দপুর উপজেলায় গৃহবধূসহ শিশুকে অপহরণের দায়ে লুত্ফর রহমান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বুধবার নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) আহসান তারেক ঐ দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত লুত্ফর রহমান কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মৃত রহিম উদ্দিন ঠাকুরের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সৈয়দপুর উপজেলার ধলাগাছ গ্রামের রাজমিস্ত্রি মতিয়ার রহমানের স্ত্রী মোছা. ছাবিয়া খাতুনকে প্রায় সময় কুপ্রস্তাব দিতেন প্রতিবেশী লুত্ফর রহমান। রাজি না হওয়ায় ২০০৪ সালের ১০ জুন দুপুরে স্বামী মতিয়ার রহমানের অনুপস্থিতে ছাবিয়া খাতুন ও তার শিশু কন্যাকে বাড়ির সামনে থেকে অপহরণ করে লুত্ফর রহমান। এ ঘটনায় মতিয়ার রহমান বাদী হয়ে লুত্ফর রহমানকে একমাত্র আসামি করে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
