পিছিয়ে নভেম্বরে যাচ্ছে শ্রীলঙ্কা সফর!

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৪১

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে জল্পনা-কল্পনা শেষ হচ্ছে না। অনিশ্চয়তার মধ্যেই খবর মিলছে সফরটি নভেম্বরে পিছিয়ে যাচ্ছে। শুধু তাই নয় সিরিজটি নেমে আসতে পারে দুই টেস্টে।

যদিও চলতি মাসেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। ২৩ অক্টোবর শুরু হওয়ার কথা প্রথম টেস্ট। তার মধ্যেই গতকাল পাওয়া নতুন খবর হচ্ছে, দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে যাচ্ছে মুমিনুলদের শ্রীলঙ্কা সফর।

প্রস্তাবিত সূচি অনুযায়ী অক্টোবর-নভেম্বরে সিরিজটা হচ্ছে না। নভেম্বর-ডিসেম্বরে হতে পারে এই সিরিজ। শুধু বাংলাদেশের সফর পেছানোই নয় এই সিরিজে একটি টেস্টও কমে যেতে পারে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের পরিবর্তে দুই টেস্ট খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

গতকাল বিসিবির এক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সফর পিছিয়ে যাচ্ছে কি না জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা গতকাল বিকালে বলেন, ‘এমন কিছুর সম্ভাবনা রয়েছে। তবে আমরা এখনো আনুষ্ঠানিক কিছু জানতে পারিনি।’

এদিকে গতকাল লঙ্কান গণমাধ্যম থেকে জানা গেছে, দফায় দফায় মিটিংয়ের পরও কোয়ারেন্টাইনের মেয়াদ কমানোর জন্য দেশটির কোভিড-১৯ টাস্কফোর্সকে রাজি করাতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ১৪ দিন কোয়ারেন্টাইন ইস্যুতে অটল সেনাবাহিনী নিয়ন্ত্রিত দেশটির কোভিড-১৯ টাস্কফোর্স।

করোনার ‘সেকেন্ড ওয়েভ’ শুরু হচ্ছে এমন আলোচনা এখন সারা বিশ্বে। তাই স্বাস্থ্যবিধি শিথিল করতে রাজি নয় শ্রীলঙ্কার কোভিড-১৯ টাস্কফোর্স।

এর আগে সফরের জন্য এসএলসির দেওয়া খসড়া প্রস্তাবে কোয়ারেন্টাইনের মেয়াদ ১৪ দিন দেখেই বেঁকে বসেছিল বিসিবি। দৃঢ়ভাবে জানিয়েছিল, এমন কঠিন শর্তে লঙ্কা সফর সম্ভব নয়। বিসিবির অবস্থান জানার পর নিজেদের চেষ্টা শুরু করে এসএলসি। কিন্তু সেই মেয়াদ কমানোর চেষ্টায় সফল হয়নি লঙ্কান বোর্ড।

এসএলসির নতুন পরিকল্পনা অনুযায়ী দুই দলের প্রথম টেস্ট শুরু হতে পারে ১০ নভেম্বর। একই সঙ্গে লঙ্কান বোর্ডের আয়োজন লঙ্কা প্রিমিয়ার লিগ টি-২০ টুর্নামেন্টও (এলপিএল) অনিশ্চিত হয়ে পড়েছে। যেটি ১৪ নভেম্বর শুরুর কথা ছিল। এলপিএলের বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও কোয়ারেন্টাইনের মেয়াদ একই থাকবে।

আর যদি শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে এলপিএল আয়োজনে সমর্থ হয় এসএলসি তাহলে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ ডিসেম্বরে চলে যেতে পারে। তবে এখন পর্যন্ত জোর সম্ভাবনা যে ২৩ অক্টোবর মুমিনুল-করুনারত্নেদের টেস্ট সিরিজ শুরু হচ্ছে না।