ব্রিটিশবিরোধী আন্দোলনে বীরকন্যা নামে তিনি পরিচিত। চট্টগ্রামের সেই বীর নারী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে এবার বানানো হচ্ছে চলচ্চিত্র ‘ভালোবাসা প্রীতিলতা’। ঐতিহাসিক ঘটনা অবলম্বনে নির্মিতব্য এই চলচ্চিত্রের প্রীতিলতা চরিত্রে অভিনয় করবেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এ চলচ্চিত্র। এর পরিচালনার পাশাপাশি প্রযোজনা করছেন প্রদীপ ঘোষ। সরকারি অনুদানে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। তত্কালীন ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে প্রীতিলতা নিজেকে উত্সর্গ করেছিলেন। হামলা করেছিলেন ব্রিটিশ প্রমোদ কেন্দ্র চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাবে। তার নেতৃত্ব ১৫ জনের দল নিয়ে অভিযান শেষে ধরা পড়েন শত্রুবাহিনীর কাছে। শত্রুর কাছে জীবিত অবস্থায় ধরা না দিতে তিনি সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন। প্রীতিলতার বিপ্লবী জীবনের সেই কাহিনিই উঠে আসছে চলচ্চিত্রে।
গতকাল প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৮তম আত্মাহুতি দিবসের দিনে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। কাকরাইলের সার্কিটি হাউজ রোডের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ । বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও বিশিষ্ট সংগঠক আমিন হেলালী। মহরত অনুষ্ঠানের মাধ্যমে পরিচালক প্রদীপ ঘোষ অভিনয় শিল্পীদের পরিচয় করিয়ে দেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিতব্য সরকারি অনুদানের এই চলচ্চিত্রটি নতুন প্রজন্মকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং দেশের সংস্কৃতি বিনির্মাণে চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম। এই চলচ্চিত্র আগামী প্রজন্মের চেতনা বিকাশে সহায়ক হবে। বাংলাদেশের পাশাপাশি চলচ্চিত্রটি ভারতীয় প্রদর্শনের বিষয়েও পদক্ষেপ গ্রহণ করা হবে। শিরীণ আখতার বলেন, ‘আমরা সরকারের কাছে কৃতজ্ঞ এই কারণে যে, ঐতিহাসিক ঘটনার বিবরণ নিয়ে নির্মিত এই চলচ্চিত্র বাঙালির সংগ্রামের আত্মপরিচয়কে সমৃদ্ধ করবে।
মহরত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণ যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন, নাট্যজন শংকর সাঁওজাল প্রমুখ। এ চলচ্চিত্রে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে রূপ দেবেন মনোজ প্রামানিক। প্রীতিলতার বাবার চরিত্রে অভিনয় করবেন নাট্যকার ও অভিনেতা মান্নান হীরা। কিশোরী প্রীতিলতা চরিত্রে রূপ দেবেন মৃন্ময়ী রূপকথা। সূর্য সেন চরিত্রে অভিনয় করবেন কামরুজ্জামান তাপু এবং কল্পনা দত্ত চরিত্রে ইন্দ্রানী ঘটক। এছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রঞ্জন দে, সুচয় আমিন, পাশা মোস্তফা কামাল, মিজান রহমান, আহমেদ আলী, নাজমুল বাবু, সুধাংশু তালুকদার, আরিফুল ইসলাম হাবিব, পংকজ মজুমদার ও তামিমা তিথী। ছবিটির সংগীত পরিচালনা করবেন খ্যাতিমান সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। শিল্প নির্দেশনায় থাকছেন শিল্পী জাহিদ মোস্তফা এবং মুজিবুল হক। প্রযোজনা নির্বাহী হিসেবে থাকছেন রিফাত মোস্তফা।
