ষড়যন্ত্রই বিএনপির রাজনৈতিক দর্শন -----ওবায়দুল কাদের

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২২:১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ষড়যন্ত্র করাই বিএনপির রাজনৈতিক দর্শন। বিএনপি নেতারা বিদেশে বসে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করে, আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলে, এটা তাদের ষড়যন্ত্রের রাজনীতির অংশ।

গতকাল বৃহস্পতিবার ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি একথা বলেন। সংসদ ভবন এলাকার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি একটি বিদেশি সংস্থার সঙ্গে গোপনে বৈঠক করে সরকার পতনের ষড়যন্ত্র করছে বলে গণমাধ্যমে সংবাদ এসেছে। তারা বিদেশে বসে সরকার পতনের ষড়যন্ত্র করে, আবার               দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলে। এ থেকে বিএনপিও দ্বি-চারিতা এবং ষড়যন্ত্রের রাজনীতি স্পষ্ট হয়। এটাই বিএনপির রাজনৈতিক দর্শন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কখনো জেদ্দা, কখনো আবুধাবি-যেখানেই গোপন বৈঠক করুক, সব খবরই সরকার পায়। আমরা বলতে চাই, গোপন বৈঠক আর ষড়যন্ত্র করে কোনো লাভ নেই।

কালনা সেতু দ্রুত নির্মাণ করা জরুরি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রায় ৭০০ মিটার দীর্ঘ কালনা সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু। মধুমতী নদীর দুই পাড়ের মধ্যে সংযোগ তৈরি ছাড়াও কালনা সেতুটি পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত বিধায় পদ্মা সেতুর সুবিধা পেতে হলে কালনা সেতুর নির্মাণকাজ শেষ করা জরুরি। ইতিমধ্যেই কালনা সেতুটির শতকরা ৩৫ ভাগ কাজ শেষ হয়েছে। এ সময় ভার্চুয়াল প্ল্যাটফরমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।