মেজর (অব.) সিনহা হত্যার ঘটনায় নানা কারণে আলোচনায় আসা কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের গাড়িটি বরের গাড়ির মতো ফুল দিয়ে সাজিয়ে তাকে বিদায় দিয়েছেন সহকর্মীরা। পুলিশের শীর্ষ কর্মকর্তারা অবসরে গেলে সম্মান জানানোর জন্য যেভাবে গাড়ি রশি দিয়ে টানা হয়, ঠিক একইভাবে এসপির গাড়ি রশি দিয়ে টেনে বিদায় জানান পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা। এ সময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। জেলা পুলিশের ব্যান্ড পার্টি ব্যান্ড পরিবেশনা করে। সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো. হাসানুজ্জামানও এ সময় উপস্থিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার পুলিশ লাইনসে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কক্সবাজারের বিদায়ী এসপি মাসুদ হোসেনকে রাজশাহী জেলার পুলিশ সুপার করা হয়েছে।
এদিকে পুলিশ সুপার এ বি এম মাসুদের বিদায়ের দিনে কক্সবাজারের আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশে কর্মরত ৩৪ ইন্সপেক্টরকে (পরিদর্শক) একযোগে বদলি করা হয়েছে। গত বুধবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়। বদলিকৃতদের ২৯ সেপ্টেম্বরের মধ্যে পুরোনো কর্মস্থল ছেড়ে দিয়ে ৩০ সেপ্টেম্বর রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে পোশাক পরে উপস্থিত হয়ে একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে।
২৪ সেপ্টেম্বর কক্সবাজারে পাওয়া প্রজ্ঞাপনমতে, উখিয়া থানার ওসি মর্জিনা আক্তারকে সিলেটে, মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌসকে বরিশালে, রামু থানার আবুল খায়েরকে রাজশাহীতে, চকরিয়ার ওসি হাবিবুর রহমানকে খুলনায়, পেকুয়া থানার ওসি কামরুল আজমকে রংপুরে, কুতুবদিয়া থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরীকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
এছাড়া রামু থানার পরিদর্শক রুমেল বড়ুয়াকে সিআইডি ঢাকা অফিসে, মিজানুর রহমানকে সিআইডি ঢাকা, পেকুয়ার ওসি (তদন্ত) মাঈন উদ্দিনকে বরিশালে, খোরশেদ আলমকে সিলেটে, মো. একরামুল হককে বরিশালে, মো. আমিরুল ইসলামকে রংপুরে, মানস বড়ুয়াকে ময়মনসিংহে, এস এম মিজানুর রহমানকে সিলেটে, এস এম আতিক উল্লাহকে ঢাকায়, আবুল মনসুরকে বরিশালে, ইয়াসিনকে এসএমপি সিলেটে, মো. আনোয়ার হোসেনকে বরিশালে, মো. আরিফ ইকবালকে রাজশাহীতে, টেকনাফের ওসি (তদন্ত) এ বি এম দোহাকে খুলনায়, নুরুল আলম মজুমদারকে বরিশালে, মো. আসাদ্দুজ্জামানকে রাজশাহীতে, মো. আলী আরশাদকে বরিশালে, মো. মাহবুব মোর্শেদকে সিলেটে, রফিকুল ইসলাম খানকে বরিশালে, আমিনুল ইসলামকে এসএমপি সিলেটে, জেলা আদালতের ইন্সপেক্টর প্রদীপ কুমার দাশকে এসএমপি সিলেটে, আনিসুর রহমানকে বরিশালে, কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মাসুম খানকে খুলনায়, ফজলুল আলমকে বরিশালে, মহিদুল আলমকে বরিশালে, রূপক চন্দ্র দাশকে বরিশালে, বদরুল আলম তালুকদারকে বরিশারল ও হাবিবুর রহমানকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে এবং এর কয়েক দিন পর অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়।
প্রসঙ্গত, কক্সবাজারে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ওসি প্রদীপ কুমার দাশ এবং বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ সাত জনকে গ্রেফতার করা হলেও এ ঘটনায় ঘুরেফিরে কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে। সিনহার পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় এসপির নাম উল্লেখ করার আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়।
