খুলনায় বসতভিটা দখল করতে কিশোরী মেয়েকে ধর্ষণের হুমকি ভূমিদস্যুদের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৭

খুলনার তেরখাদা উপজেলার দক্ষিণ কুশলা গ্রামের পৈত্রিক বসতভিটা দখল করতে কিশোরী মেয়েকে ধর্ষণের হুমকি দিচ্ছে ভূমিদস্যুরা। ছেলেসন্তান ও নিকট আত্মীয় না থাকায় ঠুনকো অজুহাতে প্রায়ই ষাটোর্ধ অলিদ মোল্লাকে মারপিট করে তারা। প্রতিবেশীর অত্যাচারে বারবার থানায় গিয়েও আইনের আশ্রয় পাননি তিনি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তেরখাদার দক্ষিণ কুশলা গ্রামের মৃত হালিম মোল্লার ছেলে অলিদ মোল্লা। তারপক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার জামাই মো. সরোয়ার হোসাইন।

এসব ঘটনায় গতকাল বৃহস্পতিবার খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ‘চ’ (১৩) অঞ্চলে মামলা করেছেন অলিদ মোল্লা। এতে ৮জনকে আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, স্থানীয় মৃত মাজেদ খানের ছেলে সেলিম খাঁ(৪৫), মৃত জালাল উদ্দিন খাঁর ছেলে আলী খাঁ (৫০), আবুল খাঁর ছেলে আকিজুর খাঁ (৪০), মৃত নওশের খাঁর ছেলে টিটো খাঁ (৩০), লোয়ার খাঁর ছেলে মিজান খাঁ ও বাবলু খাঁ এবং মৃত ইউছুফ খাঁর ছেলে নশু খাঁ দীর্ঘদিন ধরে ঠুনকো অজুহাতে অলিদ মোল্লার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে তাকে ও তার স্ত্রী-কন্যাকে মারপিট করে। প্রথমে বুঝতে না পারলেও, পরে বুঝতে পারেন ওই প্রতিবেশীরা তার পৈত্রিক সম্পত্তি জবর দখলের জন্যেই নানামুখী ষড়যন্ত্র করছে। এসবের প্রতিকার পেতে একাধিকার থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ।

সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর সকালে কুশলা বাজারে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ওরা। কারণ জানতে চাইলে বেধড়ক মারপিট করে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে আমার মেয়ে আশামনি ও স্থানীয়রা এসে উদ্ধার করে। এসময়ে আমাকে ও আমার মেয়েকে জীবনে শেষ করে দেবার হুমকি দেয়। এ ঘটনায়ও থানায় গেলে মামলা নেয়নি। বরং মামলা করতে গেছি শুনে ক্ষিপ্ত হয়ে তার মেয়ে আশামনিকে ধর্ষণ করে এলাকায় বদনাম রটিয়ে এলাকা ছাড়া করার চক্রান্ত করছে ভূমিদস্যুরা। এ অবস্থায় নিরুপায় হয়ে কিশোরী কন্যাদের সম্ভ্রম ও মাথা গোঁজারঠাঁই পৈত্রিক বসতভিটা রক্ষায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ ব্যাপারে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রব্বানী বলেন, তিনি কারো বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা ও ধর্ষণের অভিযোগ পাননি। অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

ইত্তেফাক/এমআর