চাষাঢ়ায় গণপিটুনিতে আল আমিন (২৫) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে। নিহত আল আমিন খানপুর এলাকার মাসুম মিয়ার ছেলে। গতকাল বুধবার সকালে শহরে ছিনতাই করার সময় সে ধরা পড়ে। এরপর আশেপাশের লোকজন মিলে তাকে গণপিটুনি দেয়। অতঃপর তাকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত আল আমিন একজন মাদকাসক্ত ও চিহ্নিত ছিনতাইকারী। এর আগেও তার বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। মূলত নেশার টাকা যোগাড় করার জন্য সে চুরি, ছিনতাই করে থাকে। ঘটনার দিনও নেশার টাকা যোগাড় করার জন্য ছিনতাই করতে যায়। কিন্তু সে ধরা পড়ে যায়। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, সকালে ছিনতাই করার সময় আল আমিন নামে একজন ধরা পড়ে এবং আশেপাশের মানুষের গণপিটুনির শিকার হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
