সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে এ বছর নিকলীর প্রতিমাশিল্পীদের নেই তেমন কোনো ব্যস্ততা। প্রতি বছর এই সময়ে তারা ভীষণ ব্যস্ত থাকলেও এ বছর করোনা মহামারির কারণে শিল্পীদের হাতে খুব বেশি প্রতিমা তৈরির অর্ডার নেই। সরেজমিনে নিকলীর বর্মণপাড়া, সাহাপাড়া, ষাইটধার, পঞ্চরহাটি, ধুপাহাটি, মহরকোনা, দামপাড়া, সূত্রধরপাড়া ও নবীনপুর সর্বজনীন দুর্গা মন্দিরে গিয়ে দেখা গেছে প্রতিমা তৈরিতে তেমন ব্যস্ততা নেই শিল্পীদের। অনেকেই এবার ঘট ও ছোট আকৃতির প্রতিমায় করবেন দুর্গাপূজা। প্রতিমাশিল্পী দিলীপ বর্মণ হতাশার সুরে বলেন, এ বছর করোনার কারণে অনেকে ছোট পরিসরে পূজা উদ্যাপন করছে। তেমন ভালো দাম পাচ্ছি না আমরা। সারা বছরের আয় এই দুর্গাপূজার প্রতিমা তৈরি করে হয়। এ বছর তেমন অর্ডার পাচ্ছি না। শিল্পী কাজল পাল বলেন, প্রতি বছর এই সময় দুর্গা প্রতিমার অর্ডার একটু বেশি থাকে। এ বছরও তৈরি করছি, তাও আবার ছোট আকৃতির। নিকলী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপুল দেবনাথ বলেন, কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পূজামণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে পূজায় অংশ নিতে বলা হয়েছে। এছাড়া থাকছে না কোনো উত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
