রাহুলের নার্ভাসনেস জয়

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯

দুইবার তার ক্যাচ পড়েছে। শেষ পর্যন্ত এই ‘জীবন পাওয়া’ ব্যাপারটা স্কোরকার্ডে লেখা থাকবে না। পরিসংখ্যান বলবে, ২০২০ সালের আইপিএলে প্রথম সেঞ্চুরিটা করেছেন লোকেশ রাহুল।

লোকেশ রাহুল ম্যাচশেষে বলছিলেন, তিনি দারুণ নার্ভাস ছিলেন এই ম্যাচের আগে। শেষ পর্যন্ত সেই নার্ভাসনেসটা জয় করে ৬৯ বলে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। আর এই ইনিংসে ভর করেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৯৭ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

রাহুল বলছিলেন, এই ম্যাচের আগে তিনি বেশ নার্ভাস ছিলেন, ‘আমি আসলে অতোটা আত্মবিশ্বাসী ছিলাম না। গতকাল ম্যাক্সির (গ্লেন ম্যাক্সওয়েল) সঙ্গে আমি কথা বলছিলাম। ও আমাকে বলছিল, কেমন অনুভব করছি। আমি বলেছিলাম, আমার ব্যাটিংয়ের সবকিছু আমার নিয়ন্ত্রণে আছে বলে মনে হচ্ছে না। ও তখন বলল, তুমি নিশ্চয়ই মজা করছ। কারণ তুমি ভালো বল পেটাতে পারছ (অনুশীলনে)।’

রাহুল পরিষ্কার বলেছেন, তিনি টের পাচ্ছিলেন যে, তিনি নার্ভাস, ‘একেবারে সত্যি বলি, আমি নার্ভাস ছিলাম। তবে এটা জানতাম যে, কিছুটা সময় উইকেটে কাটাতে পারলে আমি মানিয়ে নিতে পারব। আমি খুশি যে, সেটাই হয়েছে।’

ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেটে ২০৬ রান করে পাঞ্জাব। ওপেনিংয়ে নেমে ৬৯ বলে ১৩২ রানের ইনিংস খেলেন অধিনায়ক লোকেশ রাহুল। ১৪টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি। ৩টি করে উইকেট নেন রবি বিষ্ণয় এবং মুরুগান অশ্বিন। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ব্যাঙ্গালুরু। তারা ১৭ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায়।