দুশ্চিন্তা এখন করোনা পরীক্ষা নিয়ে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২২:৪১

কয়েকদিন টানা আন্দোলন-ধরনার পর সাউদিয়া এয়ারলাইনস এবং বিমানের ফিরতি টিকিট সংকট কাটলেও করোনা ভাইরাসের পরীক্ষার বিষয়টি দুশ্চিন্তায় ফেলেছে সৌদি প্রবাসীদের। সে কারণে কাঙ্ক্ষিত টিকিট পাওয়ার আনন্দটুকু মুহূর্তে ম্লান হয়ে যাচ্ছে অনেকের। অনেক দেশে যেতেই ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হয়। কিন্তু সৌদি আরবের নিয়ম অনুযায়ী দেশটিতে পৌঁছানোর ৪৮ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে যাত্রীদের। শঙ্কার কারণ হলো সময়মতো তারা করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাবে কি না এবং যদি করোনা পজিটিভ রিপোর্ট আসে তখন তারা কি করবেন।

জানা গেছে, বৃহস্পতিবার টিকিট হাতে পাওয়ার পর যাত্রীরা মহাখালীতে ডিএনসিসি করোনা স্যাম্পল কালেকশন বুথে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে যান। তবে যারা বিকাল ৪টার পর সেখানে পৌঁছান তাদের নমুনা না নিয়েই ফেরত পাঠানো হয়। আজ যাদের ফ্লাইট আছে তারা গতকাল ভিড় করেন নমুনা দিতে। নির্দিষ্ট সময়ে রিপোর্ট না পেলে ফ্লাইট বাতিল। রিপোর্ট পজিটিভ হলেও যাওয়া হবে না।—এই উভয় সংকটে রয়েছেন সৌদি প্রবাসীরা।

আবদুর রাজ্জাক ও তার ভাই দুই জনেই সৌদি আরবে থাকেন। দুই ভাই একসঙ্গে রিটার্ন টিকিট রি-ইস্যু করাতে পেরেছেন। দুই জনের ফ্লাইট আজ ২৬ সেপ্টেম্বর রাত ১২টা ৩০ মিনিটে। গতকাল নমুনা দিয়েছেন মহাখালিতে। বিকালেই বিমানবন্দরে গিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে, কারণ রাতে ফ্লাইট যাবে। আজ দুপুরের মধ্যে রিপোর্ট না পেলে তাদের কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। ডিএনসিসি করোনা স্যাম্পল কালেকশন বুথের সমন্বয়কের দায়িত্বে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের সাবেক পরিচালক ডা. সামির কান্তি সরকার। তিনি জানান, ৪৮ ঘণ্টার মধ্যে নেগেটিভ সার্টিফিকেট লাগবে। টিকিট দেওয়ার সময় পরীক্ষার বিষয়টি বিবেচনা করলে সংকট তৈরি হবে না। এখন বিদেশগামী যাত্রীর চাপ বেড়েছে। ফলে এ বিষয়গুলো বিবেচনা করে টিকিট দিলে বিপত্তি দেখা দেবে না। তবে সৌদিগামীদের বিমানবন্দরে স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে বিমানবন্দরেই রিপোর্ট দেওয়া হবে বলে জানান ডা. সামির।

এদিকে গতকাল টিকিটের জন্য সাউদিয়া এয়ারের অফিসে ভিড় করেন সৌদি প্রবাসীরা। অনেকেরই অভিযোগ, সেখানে টাকার বিনিময়ে সিরিয়াল ভঙ্গ করে টিকিট দেওয়া হয়েছে। গতকাল সাউদিয়া এয়ারলাইনসের কাউন্টার থেকে ৫০১ থেকে ৮৫০ নম্বর টোকেনধারী ৩৫০ জনের সৌদি ফেরার টিকিট নিশ্চিত করা হয়। এদিন সকাল ১০টা থেকে টিকিট দেওয়া শুরু হয়। তবে যারাই টিকিট পেয়েছেন, তাদের সবার গন্তব্য ছিল মহাখালী ডিএনসিসি মার্কেটের করোনা পরীক্ষাকেন্দ্র। আজ শনিবার সাউদিয়া এয়ারলাইনসের কাউন্টার থেকে ৮৫১ থেকে ১২০০ নম্বর টোকেনধারীদের ফেরার টিকিট দেওয়া হবে। রবিবার ১২০১ থেকে ১৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে। যারা টোকেন পাননি, তাদের ২৯ সেপ্টেম্বর আসতে বলা হয়েছে। এই সময় পর্যন্ত সৌদি আরব যাওয়ার জন্য কোনো টিকিট বিক্রি করা হবে না। সৌদিপ্রবাসীদের জন্য গতকাল ফেরার টিকিট ইস্যু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবারের মতো এদিনও বিমানের মতিঝিল কার্যালয় থেকে টিকিট ইস্যু করা হয়। দেশে আসা ১৮ ও ২০ মার্চ জেদ্দা এবং ১৮ ও ১৯ মার্চ রিয়াদে ফেরার জন্য রিটার্ন টিকিটধারীদের টিকিট ইস্যু করা হয়। একই তারিখের রিটার্ন টিকিটধারীদের কাছে আজও টিকিট বিক্রি করবে বিমান। ২৯ সেপ্টেম্বর জেদ্দা এবং ৩০ সেপ্টেম্বর রিয়াদে বিশেষ ফ্লাইটের জন্য বিমান এসব টিকিট ইস্যু করবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, ‘আমরা রিয়াদ ও জেদ্দায় ফ্লাইটের অনুমতি পেয়েছি। তাই এ রুটের যাত্রীদের টিকিট রি-ইস্যু করা হচ্ছে। দাম্মাম ও মদিনার অনুমোদন পেলে সেই রুটগুলোতেও ফ্লাইট চলবে। নতুন  ফ্লাইটের অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের শুরু হবে।’

আকামা-ভিসা থাকলে সবাই সৌদি যেতে পারবেন: পররাষ্ট্রমন্ত্রী

যাদের আকামা ভিসা আছে, দেশে এসেছেন ছুটিতে, তাদের সবাই সৌদি আরব যেতে পারবেন, কোনো জটিলতা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এর জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। গতকাল শুক্রবার ফরেন সার্ভিস একাডেমি সুগন্ধার নব নির্মিত কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, আমরা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। কারও ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও আকামা থাকলে তাদের আবার ভিসা দেওয়া হবে।